পিলখানার ঘটনা সুদূরপ্রসারী ষড়যন্ত্র, এটা বিদ্রোহ নয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র, এটা কোনো বিদ্রোহ নয়। এর মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া।’

শুক্রবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানার শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই নারকীয় হত্যাযজ্ঞের পেছনে কারা ছিল, কেন এই ঘটনা ঘটেছিল, তার মূল রহস্য আজও অধরা রয়ে গেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনায় হাজার হাজার বিডিআর সদস্যের বিচার হলেও এর ইন্ধন দাতাদের চিহ্নিত করা হয়নি। তদন্ত করলেও ১৩ বছরেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।’

এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, কর্নেল (অব.) কামরুজ্জামান, মেজর (অব.) এম এম হাসান, মেজর (অব.) কোহিনুর আলম নুর, মেজর (অব.) আজিজ রেজা, শামীমুর রহমান শামীম, শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মনি প্রমুখ।