ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি যে আহ্বান জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে তাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক টেলিভিশন ভাষণে ইউক্রেনের সামরিক বাহিনীকে পুতিন ‘ক্ষমতা নিজেদের হাতে তুলে নিতে’ আহ্বান জানান।

ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে তাদের দেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারকে পুতিন ‘সন্ত্রাসী’ এবং ‘মাদকাসক্ত এবং নব্য-নাৎসিদের একটি দল’ বলে আখ্যায়িত করেছেন।

ইহুদি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন কিয়েভের সরকারকে উল্লেখ করে পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে বলেন, ‘মনে হচ্ছে মাদকাসক্ত এবং নব্য-নাৎসিদের এই দলের চেয়ে আপনাদের সঙ্গে একমত হওয়া আমাদের পক্ষে সহজ হবে’।

বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। হামলার দ্বিতীয় দিনেই রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান একটি বিমানবন্দর এবং বিমানঘাঁটি দখলে নিয়ে নিয়েছে রাশিয়ান সেনারা। প্রায় ২০০ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালিয়ে ইউক্রেনের দুই শতাধিক সৈন্যকে হত্যার পর হোসটোমেল নামের ওই বিমান ঘাঁটি দখল নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে রাশিয়ান সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের আন্তোনভ নামের আরেকটি বিমান ঘাঁটিও দখল করে নেয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তাদের সঙ্গে যুদ্ধের দুদিনেই রাশিয়ার ১,০০০ জনের বেশি সেনা নিহত হয়েছে।