ইউক্রেনে সরাসরি সেনা না পাঠালেও রাশিয়া দেশটিতে হামলা শুরুর পরই পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) ও যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে শক্তি বাড়ানো শুরু করেছে। বৃহস্পতিবার হামলা শুরুর পর জোটের নেতা জেনস স্টলটেনবার্গ জানালেন, পূর্ব ইউরোপে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পোল্যান্ড ও ইউরোপের বাল্টিক অঞ্চলের চার সদস্য রাষ্ট্র রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ও সেøাভাকিয়ার সমন্বয়ে নতুন একটি বাহিনী গঠনের পরিকল্পনা নিয়েছে ন্যাটো। সেই পরিকল্পনার অংশ হিসেবে ওই অঞ্চলে কয়েকশ যুদ্ধবিমান ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। সেনা পাঠানো হয়েছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া ও বেলজিয়ামেও।
ন্যাটোর তথ্যমতে, ইতিমধ্যে এস্তোনিয়ায় ১ হাজার ১৫৯, লাটভিয়ায় ১ হাজার ৬৫০, লিথুনিয়ায় ১ হাজার ১০০, রোমানিয়ায় ৪ হাজার, পোল্যান্ডে ১ হাজার ৬০ এবং বেলজিয়ামে ২০০ সেনাসদস্য জোটের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লিথুনিয়ায় ৫০০, পোল্যান্ডে ৫ হাজার ৪০০, রোমানিয়ায় ১ হাজার এবং বেলজিয়ামে ২০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।