রাশিয়ান বিমান নিষিদ্ধ করছে একের পর এক ইউরোপীয় দেশ

ইউক্রেনে হামলার পর থেকেই একের পর এক ইউরোপীয় দেশ তাদের আকাশসীমায় রাশিয়ান এয়ারলাইনগুলোর বিমান নিষিদ্ধ করছে। সর্বশেষ এমন ঘোষণা দিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী দেশ বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া।

ওপর দুই বাল্টিক রাষ্ট্র- লিথুয়ানিয়া এবং লাটভিয়াও একই পদক্ষেপ নিচ্ছে বলে লিথুয়ানিয়ান পরিবহন মন্ত্রী মারিয়াস স্কুডিসের এক বিবৃতিতে বলা হয়েছে।

পোল্যান্ড, বুলগেরিয়া এবং চেক প্রজাতন্ত্রও ইতিমধ্যেই সব ধরনের রাশিয়ান বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনে আগ্রাসন শুরুর পরপরই রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটের বিমানের ব্রিটেনে অবতরণ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার।

এস্তোনিয়ান প্রধানমন্ত্রী কাজা কাল্লাস টুইটারে এক পোস্টে ইউরোপীয় ইউনিয়নের বাকী দেশগুলোর প্রতিও রাশিয়ান বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গণতান্ত্রিক আকাশে আগ্রাসী রাষ্ট্রের বিমানের কোনো জায়গা নেই।