খুলনা, ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ৬০ দোকান-ঘর

খুলনা ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অগ্নিকান্ডের ঘটনায় ৩০টি দোকান ও ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত ও গতকাল সকালে ঘটনা দুটি ঘটে।

খুলনা নগরীর পশ্চিম রূপসার পাইকারি মাছ বাজারের ফলের আড়তে গতকাল সকালে অগ্নিকা-ের ঘটনায় ৩০টি ঘর ও পাশের বসতবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের দুজন কর্মী সামান্য আহত হয়েছেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।’

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি বাজারে এ অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কসবা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ খালিদ বলেন, ‘আগুনের তীব্রতা বেশি হওয়ায় কসবার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট করে জানা যায়নি। চালের গুদাম, লাইব্রেরি, তেলের মিলসহ বিভিন্ন পণ্যের ৩০টি দোকান পুড়ে গেছে।