বাগেরহাটের কচুয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাজুল মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এজাজুল মোল্লা কচুয়ার কলমিবুনিয়া গ্রামের কাদের মোল্লার ছেলে।
গত বৃহস্পতিবার রাতে কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন গত শুক্রবার মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, মেয়েটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে নখ ও কামড়ের আঁচড় রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছেন।
পরিবারের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে চার যুবক কৌশলে মেয়েটির বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি সংজ্ঞাহীন হয়ে গেলে ওই যুবকরা পালিয়ে যায়। তবে মেয়েটি ওই চার যুবককে চিনতে পেরেছে বলে দাবি করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকালে অভিযান চালিয়ে এজাজুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।