রাশিয়ার সঙ্গে খেলবে না পোল্যান্ড

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার সঙ্গে ২৪ মার্চ মস্কোতে বিশ্বকাপ প্লে-অফ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চেজারি কুলেসা সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন টুইটারে, ‘ইউক্রেনের বিপক্ষে রাশিয়ান ফেডারেশনের আগ্রাসনের মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পোল্যান্ড জাতীয় দল রাশিয়ান প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচটা খেলবে না। এটাই সঠিক সিদ্ধান্ত।’ কুলেসার টুইটটি রি-টুইট করে পোল্যান্ড অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি লিখেছেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনের ওপর সশস্ত্র আগ্রাসন যখন চলছে, সে সময়ে রাশিয়ান জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলার কথা ভাবতে পারি না আমি। রাশিয়ার ফুটবলার ও ভক্তরা এই পরিস্থিতির জন্য দায়ী নন, তবে আমরা এমন ভাব ধরে থাকতে পারি না যে কিছুই হচ্ছে না।’ফিফা পোল্যান্ডের এমন সিদ্ধান্ত মেনে না নিলে রবার্ট লেভানডস্কিদের কাতার বিশ্বকাপে খেলা সংশয়ে পড়ে যাবে। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নিনা ইনফান্তিনো জানিয়েছেন, বিষয়টি পর্যবেক্ষণ করছেন তারা।