আজ লিভারপুলের সঙ্গে লিগ কাপ ফাইনাল চেলসির। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে চেলসির জার্মান কোচ টুখেলকে ফুটবল নয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েই কথা বলতে হয়েছে। রাশান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ক্লাব মালিক রোমান আব্রামোভিচের কারণে চেলসির প্রতি মানুষের ক্রোধ টের পাচ্ছেন টুখেল। এবং স্বীকার করে নিয়েছেন বর্তমান পরিস্থিতিতে এটাই স্বাভাবিক ‘ক্লাবের প্রতি, যারা এ ক্লাবের প্রতিনিধিত্ব করি, তাদের সমালোচনা করার ব্যাপারটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। আমি এটা বুঝছি এবং নিজেদের এ থেকে পুরোপুরি আলাদা করতে পারছি না।’ ঘৃণার বিষবাষ্প খেলোয়াড়দের মনেও ছাপ ফেলতে শুরু করেছে। ভবিষ্যতে কী হবে তা বলা যাচ্ছে না, কিন্তু বর্তমানে যুক্তরাজ্য বা ইউরোপের বাকি দেশগুলো যুদ্ধের সরাসরি ভুক্তভোগী নয়। কিন্তু যুদ্ধের মতো এত বড় কিছু চাইলেও যে অস্বীকার করা যায় না, ‘ঘটনাটা অনেক বড় এবং বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা ইউরোপের চিন্তার ব্যাপার, এটা ইউরোপে হচ্ছে এবং আমরা ইউরোপের অংশ। অনেক দিন ধরেই ইউরোপে যুদ্ধ হচ্ছে, এটা অচিন্ত্যনীয় ছিল আমার জন্য। এর প্রভাব পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এ নিয়ে আলোচনারও একটা প্রভাব আছে।’ মালিকানার সুবাদে ঘৃণার পাত্র হবেন, সেটা মেনে নিয়েছেন টুখেল।
আপাতত শুধু যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের জন্য শুভকামনাই জানাতে পারছেন চেলসি কোচ, ‘যারা এই মুহূর্তে এ ঘটনায় বেশি জড়িত, তারা অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের জন্য আমাদের শুভকামনা, এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’