সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধের ঘোষণা, বিশৃঙ্খলার ঝুঁকিতে বিশ্ব ব্যাংকিং

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা জোট।

এর ফলে রাশিয়ার ব্যাংকগুলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনার ক্ষমতা কমে যাবে।

তবে, সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে তার প্রভাবে বিশ্বের অনেক দেশেই তার প্রভাব পড়তে পারে জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, এতে বিশৃঙ্খলার ঝুঁকিতে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা।

বিবিসির খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে রবিবার দেয়া এক যৌথ বিবৃতিতে সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, ‘এ পদক্ষেপের ফলে রাশিয়ার ব্যাংকগুলো বিশ্বব্যাপী তাদের বেশির ভাগ আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে না। রাশিয়ার রপ্তানি-আমদানি কার্যত বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা পুতিনকে তার যুদ্ধের তহবিল ব্যবহার করা থেকে বিরত রাখব। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ পঙ্গু করে দেওয়া হবে। এতে ব্যাংকের লেনদেন স্থবির হয়ে পড়বে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে তার সম্পদকে তারল্যে রূপান্তর করা অসম্ভব করে তুলবে এ পদক্ষেপ। পুতিনের যুদ্ধে বিনিয়োগ করা কঠিন করে তুলবে এসব পদক্ষেপ।’ 

এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমরা আজ রাতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে বসে রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে রয়েছে সুইফট থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে বের করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।’

বরিস জনসন বলেন, খুব শিগগির এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ‘সুইফট ম্যাসেজিং সিস্টেম থেকে নির্দিষ্ট রাশিয়ান ব্যাংকগুলোর নাম বাতিল করা’।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ যাননি। তবে সুইফটের বিষয়ে একমত হতে পারেননি পশ্চিমা নেতারা।

বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এটি যুক্ত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুইফট থেকে নিষিদ্ধ করা হলে এর প্রভাব শুধু রাশিয়ায় সীমাবদ্ধ থাকবে না। ক্ষতির মুখে পড়বে অন্য দেশও। রাশিয়া থেকে তেল বা গ্যাস ক্রেতা দেশগুলো পড়বে ঝুঁকিতে।

সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে রাশিয়াকে থেকে পণ্য কেনাবেচা করা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বিপদে পড়বে জার্মানি। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের প্রধান তেল ও জ্বালানি সরবরাহকারী রাশিয়া। ইতিমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে।

রাশিয়াকে নিষিদ্ধ করার ফলে, দেশটির আর্থিক সংস্থাগুলোকে অর্থ পরিশোধের বিকল্প উপায় খুঁজতে হবে। অনেকেই বলছেন, এতে আন্তর্জাতিক ব্যাংকিং বিশৃঙ্খলার ঝুঁকি বাড়বে।

রাশিয়ার সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন বলেন, সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে দেশটির অর্থনীতি ৫ শতাংশ কমতে পারে।

তবে রাশিয়ার অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে সন্দেহ রয়েছে। রাশিয়ার ব্যাংকগুলো নিষেধাজ্ঞা আরোপ হয়নি, এমন দেশগুলোর মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারে। এর মধ্যে রয়েছে চীন। দেশটির নিজস্ব লেনদেনব্যবস্থা রয়েছে।