ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ করেছে রুশ সেনারা

আগ্রাসনের চতুর্থ দিনে দুটি শহর দখলের পাশাপাশি ইউক্রেনের দক্ষিণে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে আরও দুটি শহর পুরোপুরি অবরোধ করেছে রুশ সেনারা। খবর আলজাজিরার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত খেরসন শহর এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বারদিয়ানস্ক শহর রুশ সেনারা পুরোপুরি অবরোধ করেছে বলে দাবি করেছে মস্কো। পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর এই দুটি শহর অবরোধের খবর সামনে এলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী’।

এছাড়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর চতুর্থ দিনে নোভা কাখোভকা নামে একটি শহর দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। নিউ কাখোভকা নামেও পরিচিত এই শহরটি ছোট হলেও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাখোভকা শহরটি দিনিপার নদীর তীরে অবস্থিত এবং এই নদীটি পানি পথে সরাসরি ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংশ্লিষ্ট।

একইসঙ্গে রবিবার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর।

এর আগে শুক্রবার রাতে বিনা বাধায় ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মেলিতোপোল দখলে নেয় রুশ সেনারা।