ইউক্রেনে চলমান রাশিয়ান হামলার খবরে ভ্যাটিকান পোপ ফ্রান্সিসের হৃদয় বিদীর্ণ হয়েছে বলে রবিবারের নিয়মিত প্রার্থনা সভায় জানিয়েছেন তিনি।
ক্যাথলিক চার্চের প্রধান বলেন, ঈশ্বর শান্তিকামীদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে নেই যারা সন্ত্রাস করে। খবর রয়টার্স।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে যারা শয়তান এবং বিকৃত অস্ত্রের যুক্তিতে বিশ্বাস করে পোপ ফ্রান্সিস তাদের প্রতি নিন্দা জানান।
পোপ শরণার্থীদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের স্বাগত জানাতে বলেন।
ইতিমধ্যে জাতিসংঘ জানিয়েছে শরণার্থী হিসেবে তিন লাখ ৬৮ হাজার ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।
এর আগে ইউক্রেনে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও মর্মবেদনা প্রকাশ করেছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এমন অনুভূতি প্রকাশ করেন তিনি। ভ্যাটিকানে নিয়োজিত ইউক্রেনীয় দূতাবাসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেন দূতাবাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় বিকেল চারটার দিকে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন পোপ। তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি ওই কর্মকর্তা।
এক টুইটার পোস্টে পোপ ও জেলেনস্কির ফোনালাপের কথা নিশ্চিত করেছে ইউক্রেন দূতাবাস। ওই টুইটে বলা হয়, ‘আমাদের দেশে মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটছে, তা নিয়ে অত্যন্ত গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন মহান এ ধর্মগুরু।’