কিংস অ্যারেনা আজ সান সিরো

ইতালির মিলানের দুই ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান ও ইন্তার মিলানের মাঠের বৈরিতা সবারই জানা। অথচ দু’দলেরই হোম ভেন্যু সান সিরো স্টেডিয়াম। ঠিক তেমনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যুও এক বসুন্ধরা কিংস অ্যারেনা। দু’দলের পৃষ্ঠপোষকও এক বসুন্ধরা কিংস। তবে মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলে না কখনই। আজ দু’দল যখন মুখোমুখি হবে, তখন কিংস অ্যারেনাই হয়ে উঠবে সান সিরো।

গত মৌসুমের আগের মৌসুমের কথাই ধরা যাক। বসুন্ধরা কিংস গড়েছে কাগজে-কলমে সেরা দল। তার জিতে চলেছে একের পর এক ম্যাচ। টানা ২০ ম্যাচ অপরাজিত থেকে তারা পেতে শুরু করেছে শিরোপার সুবাস। সিলেটে শেখ রাসেলকে হারাতে পারলেই তিন ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হবে প্রথম শিরোপা। ঢাকা থেকে একঝাঁক সমর্থক নিয়ে সেই ম্যাচ খেলতে যায় কিংস। অথচ মাঠে কেবল প্রতিরোধই গড়ল না রাসেল; ম্যাচটা জিতে কিংসের অপেক্ষা বাড়াল তারা। সেই ম্যাচই বুঝিয়ে দিয়েছে অনেক কিছু মিলটা মাঠে মিলিয়ে গিয়ে তৈরি হয় লড়াইয়ের মঞ্চ। আজ সেরকমই এক লড়াইয়ে আশা করছে দু’দল। প্রথম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হারার পর টানা চার ম্যাচ জিতে কিংস ফিরেছে কক্ষপথে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। এর মধ্যে শেষ দু’টি ম্যাচ তার খেলেছে নিজস্ব ভেন্যুতে। আজ অবশ্য নিজ গৃহে কিংস অতিথি। দলের কোচ অস্কার ব্রুজন এই মাঠে অতীতের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলেছেন, ‘বড় ম্যাচ। তারপরও নিজেদের মাঠে আমাদের পারফরম্যান্স খুবই ইতিবাচক। এটাই ধরে রেখে ভালো কিছুর আশাই করছি। তা ছাড়া ছেলেরা ভালো মাঠে নিজেদের ভক্তদের সামনে ভালো ফুটবল খেলছে। তবে রাসেলের সঙ্গে আমাদের লড়াইটা বরাবরই জমজমাট হবে। আশা করছি কালও (আজ) এর ব্যত্যয় ঘটবে না।’

রাসেলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। টানা দুই ম্যাচ ড্রয়ের পর তারা জয়ের স্বাদ পায় সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। তবে শেষ দু’ম্যাচে আবাহনী ও শেখ জামালের কাছে হেরে ভালোই বিপদে সাইফুল বারী টিটুর দল। হোম ভেন্যু কিংস এরেনায় তাদের অভিষেকটাও ভালো হয়নি। আবাহনীর কাছে হেরেছে ৩-১ ব্যবধানে। কিংসের জন্য ম্যাচটা যেমন জয়ের ধারা অব্যাহত রাখার, তেমনই রাসেলের জন্য এই ম্যাচ হারের বৃত্ত ভাঙার। দলের অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা নিজেদের সামর্থ্যরে ওপর আস্থা রাখতে চান, ‘আমাদের সামর্থ্য আছে। তবে মাঠে সে অনুযায়ী আমরা খেলতে পারছি না। বেশিরভাগ দলের বিদেশিরা যেখানে পার্থক্য গড়ে দিচ্ছে, সেখানে আমাদের বিদেশিরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। এই ম্যাচে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করছি। স্বাধীনতা বসুন্ধরাকে হারিয়েছে। রহমতগঞ্জও তাদের বিপক্ষে দুই গোল করেছে। আমরা কেন পারব না? একটা দল হয়ে যদি খেলতে পারি, তাহলে এই ম্যাচে আমাদেরও সুযোগ আছে।’

আজ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাগতিক মোহামেডানের মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল ধানম-ি ক্লাবের। তবে কুমিল্লার মাঠ এখনও ফুটবল উপযোগী হয়নি বলে সূচিতে পরিবর্তন এনে এই ম্যাচটা চলে যাচ্ছে জামালের হোম মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। বাফুফে জানিয়েছে সহসাই কুমিল্লায় খেলা আয়োজন করা সম্ভব হবে না। মাঠ প্রস্তুত করে তাদের পরিকল্পনা ১১ মার্চ থেকে লিগের খেলা শুরু করার।