রংপুরের প্রবীণ রাজনীতিক ছাদেক আলীর সন্ধান দাবিতে মানববন্ধন

রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাদেক আলীকে (৯০) সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে সোমবার রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে দর্শনা ইউনিয়নের সাধারণ জনগণ এবং রংপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা অবিলম্বে প্রবীণ রাজনীতিক ছাদেক আলীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশান ইসলাম মুকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুনি ধারাম অধিকারী, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, নিখোঁজ সাদেক আলীর ছেলে মুকুট সুমন প্রমুখ।

উল্লেখ, আওয়ামী লীগ নেতা ছাদেক আলী ২০ ফেব্রুয়ারি রাতে রংপুর শহীদ মিনারে  ফুল  দিতে  গিয়ে  আর বাসায়  ফিরে আসেননি। পরে  ২২ ফেব্রুয়ারি তাজহাট  থানায়  একটি সাধারণ  ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, ‘আমরা সব জায়গায় মেসেজ দিয়েছি। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’