দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল আফগানিস্তান

ওয়ানডে সুপার লিগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল টাইগাররা। তবে তৃতীয় ও শেষ ম্যাচটায় দাপুটে জয় তুলে নিয়েছে সফরকারী আফগানিস্তান। এড়িয়েছে হোয়াইটওয়াশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার বাংলাদেশকে ৭ উইকেটে হারায় আফগানরা। ১৯৩ রানের লক্ষ্য ৫৯ বল হাতে থাকতেই ছুঁয়েছে দলটি।

স্বাগতিক বোলিং আক্রমণকে হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নেন রহমানউল্লাহ গুরবাজ। নবম ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরির স্বাদ পাওয়া এই ডানহাতি ওপেনার শেষ পর্যন্ত ১১০ বলে অপরাজিত ১০৬ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৭টি চার।

এ ছাড়া রহমত শাহ ৬৭ বলে ৪৭ ও রিয়াজ হাসান ৪৯ বলে ৩৫ রান করেন।

উদ্বোধনী জুটিতে রিয়াজের সঙ্গে ৭৯ রানের জুটিতে শক্ত ভিত গড়েন রহমানউল্লাহ। দ্বিতীয় উইকেটে রহমত শাহর সঙ্গে ১০ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার কাজটা করেন।

মেহেদী হাসান মিরাজ ৩৬তম ও ৩৮তম ওভারে ফেরান রহমত শাহ ও অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে। তবে ততক্ষণে আফগানদের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র।

২ উইকেটে নিয়ে মিরাজই বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল। অন্য উইকেটটি নিয়েছেন সাকিব আল হাসান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাস এদিনও জলে ওঠেন। ১১৩ বলে দলীয় সর্বোচ্চ ৮৬ রান করেন ৭ চারে।

তিনে নামা সাকিব আল হাসান ৩৬ বলে ৩০ রান করেন। কিন্তু বাকি ব্যাটাররা হতাশ করে গেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত ধরে রেখে খেলে গেছেন। ৫৩ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি। ৪৬.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৯২ রান তুলে স্বাগতিকেরা।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান সর্বাধিক ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি। ম্যাচসেরা হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে ২২৩ রান করে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের লিটন দাস।

এদিন হারলেও আইসিসি ওয়ানডে সুপার লিগে আপাতত শীর্ষেই থাকছে বাংলাদেশ। তবে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হারিয়েছে।

১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট বাংলাদেশের। সমান ম্যাচে ৯৫ পয়েন্ট ইংল্যান্ডের। ৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অবস্থান চতুর্থ।

চট্টগ্রাম থেকে এখন ঢাকায় পাড়ি দেবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ও ৫ মার্চ খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।