সেলিমের কাজল রেখায় থাকছেন যারা

 গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এবার শুরু করতে যাচ্ছেন সরকারি অনুদান প্রাপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপটের ‘কাজল রেখা’ সিনেমার কাজ। এরই মধ্যে প্রাক-প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা। শিগগির শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। তার আগে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (২ মার্চ) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন।

এদিকে সোমবার দুপুরে নির্মাতা জানিয়েছেন, ‘কাজল রেখা’র গুরুত্বপূর্ণ চরিত্রদের নাম। নির্মাতা জানিয়েছেন, ‘কাজল রেখা’য় প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকেই।

বুধবারের সংবাদ সম্মেলনে নির্মাতার সঙ্গে শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত থাকবেন। এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবির জন্য প্রস্তুতি নিয়ে কথা বলবেন তারা।

ময়মনসিংহ গীতিকার ‘কাজল রেখা’ পালা থেকেই গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার গল্প। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা বলেন, ‘ওই সময় নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। এটাই আমার ছবির মূল গল্প। ছবির চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করছি আমি নিজেই।’