টবি মাগুয়েইরের একক ‘স্পাইডার-ম্যান’ সিরিজ শেষ হয় ২০০৭ সালে। এর ১৫ বছর পর আরও দুই নায়কের সঙ্গে রিবুট সিরিজে স্পাইডির পোশাক গায়ে তুলেছেন তিনি।
প্রশ্ন হলো, স্পাইডার-ম্যান যদি ফেরে মেরি জেন চরিত্রে ক্রিস্টেন ডান্সট কেন নন? ভক্ত ও সংবাদকর্মীদের এমন প্রশ্নে নায়িকা জানালেন, তিনিও আগ্রহী।
১৯৯০ এর দশকে শিশুশিল্পী হিসেবে সিনেমায় যুক্ত হন ক্রিস্টেন ডান্সট। তিন দশকে কান চলচ্চিত্র উৎসবে সেরা নায়িকার পুরস্কারসহ একাধিক সম্মাননা পেলেও এবারই প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন, সৌজন্যে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। একই সময়ে বক্স অফিসে তোলপাড় করছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, যেখানে দীর্ঘ ক্যামিওতে হাজির হয়েছেন টবি মাগুয়েইর ও পরবর্তী স্পাইডি অ্যান্ড্রু গরফিল্ড। যদিও একই সিনেমায় তিন স্পাইডার-ম্যান, কিন্তু মেরি জেন ছিল একজনই!
সম্প্রতি ডেডলাইন, এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে ‘স্পাইডার-ম্যান’-এর মাল্টিভার্স সিক্যুয়েলে ক্রিস্টেনের থাকা নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি জানান, মাল্টিভার্সে পুরোনো মেরি জেন চরিত্রটি রাখা সম্ভব। তিনি এ বিষয়ে আগ্রহীও। কিন্তু কেউ তার সঙ্গে সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে কথা বলেনি।
তার মতে, সুযোগ পেলে সবাই এমন চরিত্রে ফিরতে চাইবে।
এমনকি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’-এর প্রিমিয়ারে স্পাইডার-ম্যান নিয়ে প্রশ্নের মুখে পড়েন ক্রিস্টেন ডান্সট। ওই সময় বলেন, ‘এটা আমি করতে চাই। কেন নয়? অনেক মজা হবে। এমন চরিত্রে আমি কখনো না বলবো না। ছোট স্পাইডির সঙ্গে আমি বুড়ো এমজে হবো।’
এর আগে শোনা যায়, পুরোনো নায়কদের সঙ্গে টম হল্যান্ডের এ ছবিতে নায়িকারাও থাকতে পারেন। তবে তা হয়নি।
এর আগে ‘নো ওয়ে হোম’-এ অভিনয় নিয়ে মিথ্যা বলেছিলেন অ্যান্ড্রু গরফিল্ড। এক প্রশ্নে জানিয়েছিলেন, ‘স্পাইডার-ম্যান’ হয়ে পর্দায় ফিরছেন না। কিন্তু সিনেমা মুক্তি পেতেই দেখে গেল ভিন্ন ভিন্ন দুনিয়ার তিন স্পাইডার-ম্যান। তাহলে এক সিনেমায় যদি তিন সুপারহিরো থাকে, তাদের তিন নায়িকা নয় কেন?