বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে অগ্নিকাণ্ড

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও হোটেল ভিক্টোরির পাশের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আব্দুর রহিম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অফিসের কর্মকর্তারা ছিলেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। বাহিনীর কর্মকর্তা-কর্মীরা অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। তারা সেসময় কোনো কারণ জানাতে পারেননি। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।