রাশিয়ার হামলায় ইউক্রেনে বসবাসরত এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনিল বাগচি মঙ্গলবার বিকেলে এক টুইটে এ খবর জানান।
তিনি লেখেন, গভীর বেদনার সঙ্গে আমরা নিশ্চিত করছি যে মঙ্গলবার সকালে খারকিভে বোমাবর্ষণে একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আছে।
তিনি আরো জানান, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা খারকিভসহ সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিতে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতের কাছে দাবি জানিয়েছেন। একই পদক্ষেপ নিয়েছেন রাশিয়া ও ইউক্রেনে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূতরা।
এনডিটিভি জানান, নিহত শিক্ষার্থী নাভিন শেখারাপ্পা (২১) মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইউক্রেনের একটি সরকারি ভবনে রাশিয়ার বোমাবর্ষণে তিনি নিহত হন।
মঙ্গলবার ইউক্রেন সরকার জানায়, রাশিয়ার হামলায় খারকিভে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ সাধারণ মানুষ নিহত হয়েছে বলে মঙ্গলবার তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস।
সোমবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো তার ফেসবুকে লিখেছেন, মস্কো বাহিনী গ্রেড মিসাইলসহ আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে অনেকে নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে।