জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামের মেয়াদ শেষ হয়েছে। মঙ্গলবার উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদের চার বছর পূর্ণ করেন তিনি।
এর আগে ২০১৪ সালের ২ মার্চ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী হিসেবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ফারজানা ইসলাম। পরে ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে তাকে দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবির পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
এর আগে ২০১৮ সালের ১৪ আগস্ট অধ্যাপক নূরুল আলমকে উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।