সিইসির কথায় কোনো গ্যারান্টি নেই : রিজভী

নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের কথায় কোনো গ্যারান্টি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নবনিযুক্ত সিইসি আওয়ামী লীগের চেতনায় লালিত। প্রধানমন্ত্রীর চেতনায় লালিত। সদ্য বিদায়ী কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনও একই কথা বলেছিলেন। কিন্তু তিনি দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজ সব গণতান্ত্রিক ব্যবস্থা কবর দিয়েছেন।’

গত সোমবার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সিইসি বলেছিলেন, ‘সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে কেউ কিছু করতে পারবে না’ এর জবাবে গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘নতুন ইসির সদস্যরা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন এ ধরনের দৃষ্টান্ত অতীতের কারও মধ্য থেকে পায়নি দেশের জনগণ। দেশের জনগণের ভরসা নেই।’

এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর উত্তরের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।