টি-টোয়েন্টিতে মিরপুর পুরনো চেহারায়

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ফিরছে পুরনো চেহারায়। করোনা মহামারী শুরুর পর প্রথমবারের মতো মাঠে ধারণক্ষমতার পুরো দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আজ থেকে সিরিজের টিকিট বিক্রি শুরু করবে বিসিবি। দর্শক প্রবেশের ক্ষেত্রে কভিড-১৯ টিকা নেওয়ার সনদপত্র সঙ্গে রাখার জন্য ‘উৎসাহিত’ করেছে বিসিবি। তবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ইস্টার্ন গ্যালারিতে দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে পারবেন। সর্বোচ্চ ১০০০ টাকা দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডে ৫০০, ক্লাব হাউজে ৩০০ এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০ টাকা করে। আজ-কাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। তবে অনলাইনে কোনো প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে না।