ইউক্রেনের উত্তরপূর্ব শহর খারকিভ ও এর আশপাশে হামলা চালিয়েছে রাশিয়ার প্যারাট্রুপার বাহিনী। সৈন্যবাহিনী শহরটিতে অবতরণের পর পরই মিলিটারি হাসপাতালে হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। খবর বিবিসির।
তবে বিবিসি এই অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মঙ্গলবার থেকেই রাশিয়ান সৈন্যবাহিনী এই অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে। সংঘাত এখনো চলমান রয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরের স্থানীয় সরকারি কার্যালয়ে মিসাইল হামলা চালানো হয়। আকাশ থেকে একের পর এক আগুনের গোলা নিক্ষেপ করে রাশিয়ার সৈন্যবাহিনী। এতে আশপাশের ভবন ও গাড়ি পুড়ে যায়।
হামলায় প্রায় ১৭ জনের মৃত্যু এবং বহু লোক আহত হয়েছেন।
এদিকে আজ সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি খারকিভে হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরুর ঘোষণা দিয়ে শহরটির বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে তখন ধারণা করা হয়েছিল শক্তিশালী রাশিয়া মাত্র কয়েকদিন কিংবা কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভ দখল করে নেবে।
কিন্তু হামলার পর ছয়দিন অতিবাহিত হয়েছে। পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছে। অনেক সাধারণ মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে।