দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৭১৬টি নমুনা পরীক্ষায় ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় ৮ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩ জন, বরিশাল ও রংপুর বিভাগের ২ জন করে এবং রাজশাহী বিভাগের ১ জন।