ঢাকায় ইউক্রেনের নাগরিক ও প্রবাসীদের স্বজনদের মানববন্ধন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গেটসংলগ্ন পুলিশ বক্সের সামনে ইউক্রেনের নাগরিক ও ইউক্রেনে থাকা বাংলাদেশিদের স্বজনেরা মানববন্ধন করেছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ‘নো টু ওয়ার, পিস ইন ইউক্রেন’ শীর্ষক ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ইউক্রেন প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ কমিউনিটি আশা কিয়েভ সিটির প্রেসিডেন্ট ইসলাম গাউছুল বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যেকোনো দেশের যুদ্ধ কাম্য নয়। যুদ্ধ ছাড়াও অন্য উপায়ে সমাধান সম্ভব। আমার মেয়েসহ পরিবারের অনেকেই আতঙ্ক নিয়ে বসবাস করছে ২৪ ঘণ্টা। সাধারণ মানুষ, শিশুসহ অনেকেই মারা যাচ্ছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে।’

ইউক্রেনের নাগরিক ও বৈবাহিক সূত্রে গত ২০ বছর ধরে ঢাকায় বসবাসরত আকসানা লাপিকোভা বলেন, এই একবিংশ শতাব্দীতে যুদ্ধ ছাড়া সবকিছুই সমাধান করা সম্ভব। তাই আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা চাই। তাই যুদ্ধ নয়, শান্তি চাই। ইউক্রেনে যা হচ্ছে, কোনো সুস্থ মানুষ এটা মেনে নিতে পারবে না। ইউক্রেনিয়ান নাগরিক, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমার নাগরিকের জন্য নিরাপত্তা চাই।

তিনি জানান, ইউক্রেনে তার মা, ছোট বোন ও ছোট বোনের সন্তান থাকেন। তিনি নিয়মিত তাদের সঙ্গে ফোনে কথা বলছেন। তারা অনেক কষ্টে আছেন। তার মায়ের বয়স ৭২। তিনি বাসা থেকে বের হতে ভয় পান। সুপারমার্কেটে কেনাকাটা করতে যেতে পারেন না। খাওয়ার ব্যবস্থা কম হচ্ছে, অভাব আছে।

মানববন্ধনে অংশ নেয়া সাইফুল ইসলাম (৪৩) জানান, গত ২৪ বছর ধরে তিনি ইউক্রেনে থাকেন। তিনি এখন ইউক্রেনের নাগরিক। গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশে বেড়াতে আসেন। তার ২ মার্চে ইউক্রেনে ফেরার ফ্লাইট ছিল। তার স্ত্রী ও বাচ্চা ইউক্রেনেই আছেন। তার পরিবারের সদস্যরা বাসা থেকে বের হতে পারছে না।