মেয়াদ শেষেও বিক্ষোভের মুখে ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামের মেয়াদ শেষ হওয়ার পরদিনই তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করা হয়।

উপাচার্যের বাসভবনের দিকে গেলে মিছিলে বাধা দেন ফারজানা ইসলামের সমর্থক শিক্ষকেরা। দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার পর শিক্ষার্থীদের তোপের মুখে রাস্তা ছেড়ে দেন শিক্ষকেরা।

পরে বাসভবনে সামনে দিয়ে গিয়ে পাশের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সমাবেশে অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের দ্রুত বিচারের দাবি জানান তারা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য ফারজানা ইসলাম একটি লজ্জার নাম। তার বিরুদ্ধে দুই কোটি টাকা দুর্নীতি ও ছাত্রদের মারধরের অভিযোগ থাকলেও তার অনুসারী চাটুকার শিক্ষকদের সহযোগিতায় কোনো তদন্ত অগ্রগতির মুখ দেখেনি। ফারজানা ইসলামের মতো এমন কোনো উপাচার্য আর কেউ চাই না।’

কর্মসূচিতে বাধা প্রদানের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আসম ফিরোজ-উল-হাসান বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে বলে তাদের দাবি। এ জন্য তারা উপাচার্যের বাসভবনের সামনে এসেছে। অধ্যাপক ফারজানা ইসলাম এখন আর উপাচার্য নন। তবে তিনি আমাদের সহকর্মী। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেছি।’