ইউরোপে প্রাকৃতি গ্যাসের দাম রেকর্ড মাত্রায় বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় সরবরাহ বিঘিœত হতে পারে বলে বিক্রেতাদের আশঙ্কার মধ্যে এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে সিএনএন। গত মঙ্গলবারের তুলনায় গতকাল বুধবার প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ৬০ শতাংশ। শুক্রবারের তুলনায় এখন দ্বিগুণ। বুধবার প্রতি মেগাওয়াট ঘণ্টার দাম ছিল ১৯৪ ইউরো (২১৫ ডলার)। ইন্ডিপেন্ডেন্ট কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসেস-এর বাজার বিশ্লেষক আলেক্স ফ্রোলে’র মতে, ইউরোপে রাশিয়ার পাইপলাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। কিন্তু আগামী দিনে কী ঘটবে তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। তিনি জানান, যুক্তরাজ্য রাশিয়ার মালিকানাধীন জাহাজকে তাদের বন্দরে নোঙর করতে দেবে না। এতে রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।