ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডির বিরুদ্ধে মামলা

ভুয়া আয়কর উপদেষ্টা কোম্পানি দেখিয়ে ১০টি চেকের মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল মাজেদ মামলাটি করেন।

আসামিরা হচ্ছে, ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডি শান্তনু সাহা, সাবেক ডিএমডি এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাফিজুর রহমান, সাবেক সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহসানুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইসিসিডি তানভীর হাসান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিপ্লব সাহা এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি শেখ খালেদ জহির।