চীনের শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে কম কূটনৈতিক লড়াই হয়নি, বয়কট করেছিল একাধিক দেশ। কিন্তু পাশে ছিল রাশিয়া। এখন শোনা যাচ্ছে, বেইজিংয়ে অনুষ্ঠিত সেই আয়োজন শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে ইউক্রেনে হামলা না করার অনুরোধ করেছিল চীন।
সিএনএন জানায়, পশ্চিমের দেশগুলোর গোয়েন্দা তথ্যে এমন আভাস পাওয়া গেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যে আভাস পাওয়া গেছে যে বেইজিং অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনে হামলা না করার বিষয়ে চীনের কর্মকর্তারা গত ফেব্রুয়ারির শুরুতে রুশ কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন।
মার্কিন কর্মকর্তারা এ তথ্যকে বিশ্বাসযোগ্য বলে মনে করলেও বিষয়টি ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের কূটনৈতিকরা অলিম্পিক বয়কট করলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে চীনের পাশে থাকার বার্তা দেন। সে সময় চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন। এক বৈঠকে শক্তিশালী বন্ধনের কথাও উল্লেখ করেন তারা।
তবে ওই সময় ইউক্রেনে সামরিক হামলার বিষয়ে তারা আলোচনা করেছিলেন কিনা তা পরিষ্কার নয়।
এ বিষয়ে ওয়াশিংটনে চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ গণমাধ্যমকে বলেন, ‘এগুলো আসলে অনুমানভিত্তিক কথা। চীনকে দোষারোপ করাই এর লক্ষ্য।’
চীন মন্তব্য করলেও রুশ দূতাবাসের মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর করে রাশিয়া। সাত দিনের মাথায় এসে দেশটির বিভিন্ন শহরের আবাসিক এলাকাগুলোতে রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারসন দখল করেছে রাশিয়ার সৈন্যরা। রাশিয়ার সেনার দখলে যাওয়া এটিই প্রথম গুরুত্বপূর্ণ শহর। এ ছাড়া মারিওপোল ও খারকিভ শহর ঘিরে রাখা হয়েছে। বুধবার খারকিভে ছত্রীসেনা নামায় রাশিয়া।