বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রাস্তার পাশে একটি বোমা বিস্ফোরণে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।
প্রাথমিক পুলিশ রিপোর্টে জানা গেছে, বোমাটি প্রধান সড়কের পাশে পার্ক করা একটি মোটরবাইকে লুকিয়ে রাখা হয়েছিল এবং এর লক্ষ্যবস্তু ছিল পুলিশের একটি বহর।
হাসপাতালের একজন মুখপাত্র ওয়াসিম বেগ বলেছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ‘সংকটজনক’ এবং তিনি আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অন্তত ১০ পুলিশ সদস্য রয়েছেন।
মারাত্মক এই হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফেব্রুয়ারিতে স্বল্প জনসংখ্যার এ প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর দুটি প্রধান ঘাঁটি আক্রমণের মুখে পড়ে এবং সেই সংঘর্ষ তিন দিন স্থায়ী হয়েছিল। এতে নয়জন সেনা এবং ২০ জন হামলাকারী নিহত হয়।