ইউক্রেনে আটকা পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটির এ মুহূর্তে অলিভিয়া বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয় বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন।
বুধবার জাহাজটিতে রকেট হামলায় নিহত হন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। তার মরদেহ জাহাজের ভেতরেই ফ্রিজিং করে রাখা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয়। নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
জাহাজটিতে নাবিক ও ইঞ্জিনিয়ারসহ এখনো আটাশ জন অবস্থান করছেন।
পীযূষ দত্ত জানিয়েছেন, জাহাজটিতে এক মাসের খাদ্য মজুত রয়েছে।
রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ হয়নি। তিনি বলেন, ‘জাহাজের বেশ ক্ষতি হয়েছে কিন্তু এটার সামগ্রিক ক্ষতি নিরূপণ করাটা এখন কঠিন। অনেক কিছুই ক্ষতি হয়েছে। জাহাজ আর চলাচল করতে পারবে কি না, সেটা পরীক্ষা না করে বলা যাবে না।’
গত ২৬ জানুয়ারি বিএসসি মালিকানাধীন সাধারণ পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। জাহাজটি পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়।