১৬ বছর দরবেশ সেজে পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না

সিদ্ধিরগঞ্জের প্রতারক নিজাম উদ্দিন পুলিশের ভয়ে পাগল ও দরবেশ সেজেও শেষ রক্ষা হল না। আদালতের সাজা মাথায় নিয়ে কবিরাজি, তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক  চিকিৎসক বেশে পালিয়ে ছিলেন ১৬ বছর। বুধবার দিবাগত গভীর রাতে পুলিশ তাকে তার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পোলবাসুনদো গ্রাম থেকে গ্রেপ্তার করে। 

নিজাম উদ্দিন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে।

জানা গেছে, ১৯৯৭ সালে বন্দর থানায় করা একটি প্রতারণা মামলায় অভিযুক্ত হন নিজাম উদ্দিন। পরে ২০০৬ সালে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর সিদ্ধিরগঞ্জ ছেড়ে তিনি নিজেকে কখনো পাগল, কখনো সাধু বাবা ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয় দিয়ে বেড়াতেন।

সর্বশেষ তার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে ভণ্ড সাধু হিসেবে ব্যাপক পরিচিত হয়ে উঠেন। জমিয়ে তুলেছিলেন দরবেশি ব্যবসা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, অনেক খোঁজ করেও নিজাম উদ্দিনের অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। গোপন তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।