রুয়েটে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন, ক্লাস শুরু শনিবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী শনিবার। বৃহস্পতিবার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (২০২০ সিরিজ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রুয়েট অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। প্রথমে তড়িৎ ও কম্পিউটার কৌশল (ত ও ক অনুষদ) অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পরে যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় পুরকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের ওরিয়েন্টেশন।

প্রতিটি ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

ওরিয়েন্টশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ত ও ক অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নিয়ামুল বারী, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকাল অ্যাডমিশন কমিটির (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) সভাপতি অধ্যাপক ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ ও আবু সাঈদসহ বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন জানান, আগামী শনিবার থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত হতে হবে। কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস অর্থাৎ দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।