কোটালীপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেকেন মোল্লা নামে ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সেকেন মোল্লাকে তার বাড়ি থেকে কোটালীপাড়া থানা-পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।

সেকেন মোল্লা উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে।

ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এসআই মো. রাজ্জাক হোসেন খান।

তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুলছাত্রী বাড়ির পাশের খাল পাড়ে শাক তুলতে গেলে সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর বাবা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

এদিকে সেকেন মোল্লা বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।