বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় আফগানরা।
১১তম ওভারে আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে ফিরিয়ে সাদা বলে ৪০০ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছান সাকিব। মাত্র নবম ক্রিকেটার হিসেবে এই কীর্তি তার।
সাদা বলে ৪০০ বা তার বেশি উইকেট শিকারে সবার ওপরে অবস্থান শ্রীলঙ্কার সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। ৩৬২টি সীমিত ওভারের ম্যাচ খেলে ৫৪৭ উইকেট তার নামের পাশে। তবে এই কীর্তিতে বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিবই প্রথম।
পরে সাকিব আরো একটি উইকেট নেন। ফেরান নাজিবুল্লাহ জাদরানকে। ৪ ওভারে ১৮ রান খরচায় মোট ২ উইকেট নেন তিনি। তবে ১০ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক নাসুম আহমেদ।
আরো পড়ুন