মানবপাচার ও প্রতারণার মাধ্যমে ৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুরের সাবেক এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলের অন্যতম সহযোগী সাদিকুর রহমান মনিরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি ফাইন্যানসিয়াল ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
হুমায়ুন কবির বলেন, সাদিকুর রহমান মনিরের ব্যাংক হিসাবের মাধ্যমে রাজধানীর রাজারবাগ রূপালী ব্যাংকের শাখায় ৩৮ কোটি টাকার লেনদেন করেন। মনিরের হিসাব থেকে আরো ছয়জনের হিসাবে এসব টাকা বিভিন্ন সময় পাঠানো হয়। সাবেক এমপি পাপুলের হিসাবেও মনিরের হিসাব থেকে টাকা পাঠানো হয়েছে। মানবপাচার ও প্রতারণার মাধ্যমে এসব টাকা তার হিসাবে জমা হয়। পাপুলের নির্দেশে এসব টাকা তার হিসাবে জমা পড়ে এবং বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়। আরো ৫৩টি হিসাবের সন্ধান আমরা পেয়েছি। সেগুলোর বিষয়ে আমরা তদন্ত করছি।
তিনি আরো বলেন, এ মামলার এক নম্বর আসামি সাবেক এমপি কাজী শহিদুল ইসলাম পাপুল দেশের বাইরে কারাগারে রয়েছেন। মামলায় মানবপাচারকারী চক্রের যার সহায়তায় তিনি এ টাকাগুলো ট্রান্সফার করেছেন সেই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।