দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশের পর চবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অডিও ফাঁস হওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্যের একান্ত সহকারী মিছবাহুল মোকর রবীনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে আজকে ‘লাগবে ২০ লাখ চট্টগ্রামের বলে ১৬ লাখ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর। সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে বৃহস্পতিবার রবীনকে সরিয়ে আগের কর্মস্থল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে বদলি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান দেশ রূপান্তর বলেন, ‘শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অডিও প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় আমরা রবীনকে উপাচার্যের পিএস থেকে সরিয়ে আগের কর্মস্থলে বদলি করে দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে যেসব অডিও ভাইরাল হয়েছে, এসব বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।