আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আঙুলে চোট পাওয়ায় ম্যাচটিতে ছিলেন না মুশফিকুর রহিম।
তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য প্রস্তুত এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়জিদ উল ইসলাম।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘মুশফিকুর রহিমের গত ২ তারিখে ডানহাতের বৃদ্ধাঙ্গুলে বল লাগে। তারপরে আমরা তার এক্স-রে করিয়েছিলাম। এক্স-রে ফ্র্যাকচার বা এ জাতীয় কোনো কিছু আসেনি। গতকাল আমরা তাকে পর্যবেক্ষণে রাখি। দেখা গেছে, তাতে কোনো সয়েলিং আসেনি।’
ফিজিও বায়জিদ উল ইসলাম আরও বলেন, ‘আজকে ও ব্যাটিং করল। আল্টিমেটলি, সে ভালো আছে। কালকের ম্যাচের জন্য স্কোয়াড নির্বাচনে তাকে পাওয়া যাবে।’
আফগানদের বিপক্ষে টাইগাররা দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে ৫ মার্চ। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়, মিরপুর শেরে বাংলা বাংলা জাতীয় স্টেডিয়ামে।