এবার গাড়ি দুর্ঘটনা নিয়ে গান বাঁধলেন ভুবন বাদ্যকর

গাড়ি দুর্ঘটনায় সম্প্রতি আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। এবার সেই গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করেই নতুন গান গাইলেন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা সেই ভুবন! গানটির শুরুতেই ভুবনের কণ্ঠে শোনা যায়, ‘আমার নতুন গাড়ি, ড্রাইভারি আমি শখ যে করি’।

মূলত সম্প্রতি গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলেন ভুবন। ২৮ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে সেই গাড়িটি চালাচ্ছিলেন তিনি। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে ধাক্কা মারে গাড়িটি। এ সময়ে আহত হয় গায়ক। সে সময় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ভালো থাকায় পরদিনই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছিলেন, ভুবনের আঘাত গুরুতর নয়। বুকে এবং মুখে আঘাত লেগেছে। বুকের এক্স-রে করানো হয়েছে। তিনি বিপদমুক্ত।

সম্প্রতি বাদাম বিক্রেতা থেকে ‘কাঁচা বাদাম’ গান দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার। তার গান ভারত ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশেও। গায়কের দুর্ঘটনার খবরে দুশ্চিন্তায় ভক্তরা। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।