রাজধানীর রূপনগরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামীম হোসেন (১৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাচ্চু মিয়া জানান, মিলন সাড়ে ৬টার দিকে মারা যান। শামীম চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৮টার দিকে মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হারুনের মৃত্যু হয় ঘটনাস্থলে।
নিহতদের বন্ধু হাছান জানান, মিলন একটি অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করত। হারুন ও শামীম মোটর গ্যারেজে কাজ করতো। বিকালে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে জানতে পারি রূপনগর বেড়িবাঁধে পিকআপের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে হারুনকে মৃত দেখতে পাই। আহত মিলন ও শামীমকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয় হলে মিলন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শামীমও মারা যায়।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রূপনগরে বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি দু'জন ঢামেক হাসপাতালে মারা গেছেন। তাদের একজনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও দু'জনের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।