১২ ঘণ্টা আগে...

‘রড মার্শের মৃত্যুর খবরে খুব খারাপ লাগছে। আমাদের অসাধারণ এই (ক্রিকেট) খেলাটার একজন কিংবদন্তি তিনি, হাজারো তরুণ ছেলেমেয়ের অনুপ্রেরণা। ক্রিকেট তার ভাবনাজুড়ে সব সময়ই ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়রা তার কাছ থেকে অনেক কিছু শিখেছে! রস (রড মার্শের স্ত্রী) ও পরিবারের জন্য ভালোবাসা জানাই।’Ñ অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রডনি মার্শের মৃত্যুর পর এই টুইটটি করেছিলেন শেন ওয়ার্ন। টুইটের ১২ ঘণ্টার মধ্যে ওয়ার্ন নিজেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

৫২ বছর বয়সে মৃত্যুবরণ করা ওয়ার্ন নিজেও যে হাজারো তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা তা বলার অপেক্ষা রাখে না। উইজডেনের বিচারে শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন তিনি। লেগ স্পিন শিল্পকে নব্বইয়ের দশকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি। ‘বল অব দ্য সেঞ্চুরি’ মানে একটাই নাম শেন ওয়ার্ন। কিংবদন্তি ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন একবার (১৯৯৯ সালে)। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ার্ন। টেস্টে তার উইকেট সংখ্যা ৭০৮টি। ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি ওয়ার্নের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে শিরোপা জিতেছেন।