রাশিয়ার সংবাদমাধ্যমকে ব্লক করবে না ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা

বিশ্বব্যাপী আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, তার স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক রাশিয়ান সংবাদমাধ্যমকে ব্লক করবে না।

তিনি বলেন, কয়েকটি দেশের সরকার রাশিয়ার সংবাদ সূত্রগুলো বন্ধের অনুরোধ করেছিল।

শুক্রবার টুইটারে তিনি বলেন, বন্দুকের মুখে না পড়লে আমরা তা করব না।

তিনি যোগ করেন, সবসময় বাগস্বাধীনতার পক্ষে থাকার জন্য দুঃখিত।

তবে তিনি বলেননি কোন কোন দেশ রুশ সংবাদ ব্লক করার অনুরোধ জানিয়েছে।

বিলিয়নেয়ার ইলন মাস্ক ইলেকট্রিক-যানবাহন কোম্পানি টেসলা ইনকরপোরেটেড এবং রকেট কোম্পানি স্পেসএক্স পরিচালনা করেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর সবচেয়ে স্পষ্টভাষী পশ্চিমা প্রধান নির্বাহীদের মধ্যে একজন হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন এ সপ্তাহে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আরটি এবং স্পুটনিকের লাইসেন্স প্রত্যাহার করেছে। এ ছাড়া ইউক্রেনে আক্রমণ সম্পর্কে মিথ্যা তথ্য দিলে জেলা খাটার বিধান রেখে রাশিয়া শুক্রবার একটি আইন পাস করে।

ইলন মাস্ক এর আগে ইউক্রেনের জন্য বিনামূল্যে তার স্যাটেলাইট-ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেন। পরে তিনি ইউক্রেনকে পরামর্শ দেন কীভাবে স্পেসএক্স দ্বারা প্রদত্ত ইন্টারনেট পরিষেবা চালু রাখা যায়।

মাস্ক টুইটারে বিভিন্ন বিষয়ে তার মতামত প্রকাশ করেন। শুরুতেই তিনিইউক্রেনের পক্ষে সমর্থন জানিয়ে লিখে ছিলেন, ইউক্রেনকে ধরে রাখো। এবং রাশিয়ার মহান জনগণের প্রতিও আমার সহানুভূতি, যারা এটি  (যুদ্ধ) চায় না।

খবর: ওয়াল স্ট্রিট জার্নাল