নারী ওয়ানডে বিশ্বকাপের অভিষেকে আশা জাগিয়েও হেরে গেছে বাংলাদেশ। গতকাল ডানেডিনে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে বেঁধে ফেলে ফারিহা তৃষ্ণা (৩/৩৫), জাহানারা (২/২৮), রিতু মনি (২/৩৬)রা। জবাবে ৪৫ ওভার পর্যন্ত জয়ের লক্ষ্যেই ছিল বাংলাদেশ। শেষ ৫ ওভারে দরকার ছিল ৪৩ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনি ছিলেন ক্রিজে। কিন্তু পর পর দুই ওভারে দুজনের বিদায়ে বাকিরা টার্গেটটা ছুঁতে পারেননি। শেষ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৩২ রানে। ম্যাচ শেষে তাই অধিনায়কের কণ্ঠে ছিল বিষাদের ছোঁয়া, ‘আমাদের শুরুটা দারুণ ছিল। বোলাররা খুব ভালো করেছে। এটা আমাদের সেরা সুযোগ ছিল। যদি ব্যাটিংয়ে ভালো করতে পারতাম, আমরা জিততে পারতাম।’