ব্যাংকের আন্তর্জাতিক সামিট

গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুসের (জিএবিভি) ১৪তম বার্ষিক সভা আয়োজন করতে যাচ্ছে এই ফোরামের অন্যতম সদস্য ব্র্যাক ব্যাংক। ৮ থেকে ১০ মার্চ ভার্চুয়াল এ সভায় বিশ্বের টেকসই ব্যাংকের প্রতিনিধিরা ক্রমপরিবর্তনশীল যুগে মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং সম্ভাবনা কাজে লাগাবে, তা নিয়ে আলোচনা করবেন। 

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনের এই যুগে ব্যাংকিং : মূল্যবোধ কীভাবে ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে’।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিএবিভি একটি বৈশ্বিক সংগঠন, যার সদস্য ব্যাংকগুলো টেকসই পরিবেশ ও অন্তর্ভুুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলায় নিবেদিতভাবে কাজ করে। এশিয়া, আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা, নর্থ আমেরিকা ও ইউরোপের ৪৪ দেশের ৬৬টি প্রতিষ্ঠান এই বৈশ্বিক সংগঠনের সদস্য। সদস্য প্রতিষ্ঠানগুলো ৬ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদের পরিমাণ ২ লাখ কোটি ডলারের বেশি। ২০০৯ সালে জিএবিভি প্রতিষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংক এর অন্যতম প্রতিষ্ঠাতাদের একটি।

এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের শীর্ষ ব্যাংকাররা এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগের মাধ্যমে ইতিবাচক প্রভাব সৃষ্টির গল্প বর্ণনা করবে ব্র্যাক ব্যাংক। কয়েকটি লার্নিং জার্নির মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের গল্প ও দেশের অর্থনীতিতে তাদের প্রভাব সবার সামনে তুলে ধরবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে দক্ষিণ এশিয়ায় এ দেশের আর্থসামাজিক উন্নয়নের ওপর আলোচনা করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বিনিয়োগবান্ধব পরিবেশ নিয়ে আলোচনা করবেন।