নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে সংগঠনটির অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা। গত শুক্রবার রাতে যুবলীগকর্মী বাবু প্রধান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেনÑ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা আবু মাসুম।
গত ২ মার্চ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা আবু মাসুমসহ নাম উল্লেখ করা ৬০ জন এবং অজ্ঞাতপরিচয় ১০০ জন হাঙ্গামার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে বাবু প্রধানসহ তার সহযোগীদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তারা মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
ঘটনার দিন বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নিতে রূপগঞ্জ ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা ভুলতা ফ্লাইওভার এলাকায় অবস্থান নেয়। এ সময় উপজেলা যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও একই জায়গায় জড়ো হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে বাগ্বিত-া হয় এবং পরে উভয়পক্ষের নেতাকর্মীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’