রাস্তার পাশে এসআইর লাশ

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে গোদাগাড়ী-আমনুরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে নূর ইসলাম (৪০) নামের ওই এসআইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, মোটারসাইকেল আরোহী নূর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, নূর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি আমগাছের সঙ্গে ধাক্কা খান নূর। গুরুত্বর আহত অবস্থায়ই নূর নিজেই একজনকে ফোন দিয়ে দুর্ঘটনার কথা জানান। পরে তারা গিয়ে নূর ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বিকেলে ওসি বলেন, নূর মাথায় আঘাত পেয়েছিলেন। রাস্তার পাশে তার মোটরসাইকেল ও ভাঙা হেলমেটটি পড়ে ছিল। এর আগে সকালে অবশ্য তিনি জানিয়েছিলেন, কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় আঘাত পাওয়ার কারণে নূরের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। 

এদিকে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে তারা জেনেছেন, এসআই নূর ইসলাম কয়েক দিন ধরে ছুটিতে ছিলেন। তাই গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।