অ্যান্ডি দেলোর্তের শেষ মুহূর্তের গোলে পিএসজিকে ১-০ ব্যবধানে হারিয়েছে নিস। সেই সঙ্গে চলতি মৌসুমের লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় ব্যবধানটাও কমিয়ে আনল তারা।
দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ১৩। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট শীর্ষে পিএসজি। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস।
নিসের মাঠে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা পিএসজি তেমন সুবিধা করতে পারেনি। প্যারিসের দুই বড় তারকা লিওনেল মেসি ও নেইমার ছিলেন বিবর্ণ। আক্রমণভাগের আরেক তারকা আনহেল দি মারিয়াও ছিলেন খোলসবন্দী।
নিসের ১১ শটের বিপরীতের পিএসজির শট ৮। তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। আর নিসের ৬। তার মধ্যেই শেষ মুহূর্তে গোলের দেখা পায় স্বাগতিকেরা। ৮৮তম মিনিটে কেলভিন স্টেঙ্গসের পাসে নিসকে এগিয়ে দেন দেলোর্ত। দুজনে মাঠে নামেন বদলি হিসেবে। চলতি মৌসুমে আলজেরিয়ান স্ট্রাইকারের এটি ১০ম গোল।
বাকি সময় এই গোলটি ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় নিস। অন্যদিকে ৯ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের মাঠে নামার আগে আরেকটি ধাক্কা খেল পিএসজি।
লিগে গত তিন ম্যাচের মধ্যে মাউরিসিরও পচেত্তিনোর দলের এটি দ্বিতীয় হার। গত ২০ ফেব্রুয়ারি নতেঁর মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল পিএসজি।