‘দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যাত্রা শুরু করেছিল দেশ রূপান্তর’

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম বলেছেন, তিন বছর আগে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লেখনীর মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের যাত্রা শুরু হয়েছিল। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দেশ রূপান্তর সমাজের ঘটে যাওয়া নানান ধরনের দুর্নীতির বিরুদ্ধে সঠিক সংবাদ প্রকাশ করছে।

রবিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের এম. আব্দুর রহিম মিলনায়তনে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর মো. কামরুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। তবে বর্তমানে সাংবাদিকদের অনেক ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করতে হয়। ইউক্রেনে জনগণসহ সকলে যখন পালিয়ে যাচ্ছে, তখন সাংবাদিকেরা এগিয়ে এসে সংবাদ প্রকাশ করছে। অনলাইন ও টেলিভিশনের ফলে বাংলাদেশে বর্তমানে দৈনিক পত্রিকা ধরে রাখা খুবই কষ্ট হয়ে পড়েছে। এই শিল্পকে ধরে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সভাপতিত্বে ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার বিপুল সরকার সানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আর মুঈদ, কেন্দ্রীয় ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- দৈনিক দেশ রূপান্তরের দিনাজপুর প্রতিনিধি কুরবান আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।