দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে বরগুনায় দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার বিকেল ৪টায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনার পৌর শহরের ক্রোক এলাকায় অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী মোহাম্মাদ ইব্রাহিম।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম টুকু, বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ রূপান্তরের বরগুনা প্রতিনিধি সুমন সিকদার।
গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় আমন্ত্রিত অতিথিরা সাধুবাদ জানান। সেই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ রূপান্তরের জন্য শুভ কামনা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী মোহাম্মাদ ইব্রাহিম বলেন, দেশ রূপান্তর খুব অল্প সময়ের মধ্যে দায়িত্বশীলদের দৈনিক হিসেবে প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে। আগামী দিনে দেশের অবহেলিত ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে এই পত্রিকাটি সেই প্রত্যাশা রইল।
বঙ্গবন্ধু পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টুকু বলেন, বরগুনার মাটি ও মানুষের জীবনযাত্রা, সমস্যা ও সম্ভাবনার কথা উঠে এসেছে জনপ্রিয় এই দৈনিক পত্রিকাটিতে। আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা আমাদের। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই পত্রিকাটি ও এর সঙ্গে জড়িত সংবাদকর্মীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, দেশের বিভিন্ন প্রান্তের নির্যাতিত অবহেলিত মানুষের কণ্ঠস্বর দেশ রূপান্তর। আগামী দিনে আরও বেশি পাঠকপ্রিয় হবে এই পত্রিকাটি সেই প্রত্যাশা আমাদের। সেই সঙ্গে বরগুনায় আজকের এই ভিন্নধর্মী আয়োজনের জন্য দেশ রূপান্তর কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস বলেন, দেশ রূপান্তর পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে একটি বিস্তর গল্পের উপাখ্যান তৈরি করেছে। দ্রুততম সময়ের মধ্যে পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ভিন্নধর্মী নিউজের সমাহার পত্রিকাটিকে করেছে সমৃদ্ধ। আগামী দিনে পত্রিকাটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়বে সেই প্রত্যাশা থাকল। সেই সঙ্গে আজকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে তার জন্য দেশ রূপান্তরের বরগুনা প্রতিনিধিসহ সকলের কাছে কৃতজ্ঞ।