বড়সড় আইনি বিপাকে জড়ালেন সোনাক্ষী সিনহা। তার বিরুদ্ধে জারি করা হয়েছে একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যাননি তিনি।
ইভেন্ট প্ল্যানার প্রোমোদ শর্মা এই অভিযোগ এনেছেন। জানা যাচ্ছে, ৩৭ লাখ টাকা নিয়েও সেই অনুষ্ঠানে তিনি হাজির না হলে অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। তবে সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে সোনাক্ষীর ম্যানেজার। একাধিকবার ‘দাবাং’ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ না হয়ে থানায় প্রতারণার অভিযোগ জানানো হয়।
ইটাইমস এর প্রতিবেদন অনুসারে সোনাক্ষী নিজের বয়ান দিতে ইতিমধ্যেই হাজির হয়েছেন উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তবে একাধিকবার ডাকার পরেও সোনাক্ষীর গরহাজির থাকায় আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা কয়েকদিন আগে ‘দাবাং’ ট্যুর সেরে ভারতে ফেরেন সালমান খান, পূজা হেগড়ে, দিশা পাটানি ও অনন্যান্যদের সঙ্গে। কাজের সূত্রে এরপর অভিনেত্রীকে দেখা যাবে হুমা কুরেশির সঙ্গে ‘ডবল এক্সেল’ ছবিতে। রীতেশের সঙ্গে ‘কাকুদা’-তেও দেখা মিলবে তার।
চলতি সপ্তাহের শুরু থেকেই আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তার আর সালমানের বিয়ের একটি ভুয়া ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এটাকে সত্যি বলে ধরে নিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন। পরে সেরকমই এক পোস্টে কমেন্ট করে সোনাক্ষী লেখেন, ‘আপনারা কী মুর্খ যে ভুয়া আর আসল ছবির পার্থক্য বোঝেন না!’