যুদ্ধের ড্রোন বানাবে সৌদি আরব, চীনের সঙ্গে চুক্তি

স্থানীয়ভাবে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব এবং চীন। সামরিক শিল্পকে স্থানীয়করণ এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উৎস করে তোলার জন্য এই পদক্ষপে নিয়েছে সৌদি আরব।

সৌদি অ্যাডভান্সড কমিউনিকেশনস অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম কোম্পানি (এসিইএস) দেশে ড্রোন পে-লোড সিস্টেম তৈরির জন্য একটি চীনা গ্লোবাল নলেজ ট্রান্সফার কোম্পানির সঙ্গে কৌশলগত এই চুক্তি স্বাক্ষর করেছে। এসিইএস সৌদি আরবে চালকবিহীন বিমানের জন্য এরিয়াল সলিউশন নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা কম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের (সিইটিসি) সঙ্গে। রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা প্রতিরক্ষা কম্পানিটি দ্বৈত-ব্যবহারের ইলেকট্রনিক্সে বিশেষ পারদর্শী।

চুক্তির আওতায় চীনা কোম্পানিটি সৌদি আরবে যোগাযোগ ইউনিট, ফ্লাইট কন্ট্রোল ইউনিট, ক্যামেরা সিস্টেম, রাডার সিস্টেম এবং ওয়্যারলেস ডিটেকশন সিস্টেম সহ বিভিন্ন ধরণের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) পে-লোড সিস্টেমের জন্য একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং উৎপাদন দল স্থাপন করতে পারবে।

কয়েক ডজন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা ও উন্নয়নে ২০ বছরেরও বেশি সময় ধরে বিশাল অভিজ্ঞতার ভান্ডার রয়েছে চীনা ওই কোম্পানির। সৌদি আরব সেই বিশাল অভিজ্ঞতার সদ্ব্যবহার করবে।

নতুন এই চুক্তি এবং এসিএইএস-এর কৌশল সৌদি আরবের ভিশন ২০৩০-এর উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরবের লক্ষ্য সামরিক শিল্পকে স্থানীয়করণ করে এটিকে সৌদি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত করা। সেইসঙ্গে প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় বিনিয়োগকারীদের সহায়তা, এই প্রতিশ্রুতিশীল সেক্টরে চাকরির সুযোগ, এবং জাতীয় অর্থনীতিতে সামরিক খাতের অবদান সর্বাধিক করা।